
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে এই টাকা আদায়ের অভিযোগ তুলেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রতিটি কার্ডের জন্য ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। বিশেষ করে ইউনিয়নের সহজ-সরল ও অসহায় নারীদের লক্ষ্য করে এই প্রতারণা চালানো হচ্ছে। সরকারি এই সেবাটি বিনামূল্যে বা নির্ধারিত নামমাত্র মূল্যে পাওয়ার কথা থাকলেও কেন ১২০ টাকা করে নেওয়া হচ্ছে, তা নিয়ে জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারীরা জানান, "আমাদের বলা হয়েছে টাকা না দিলে কার্ড পাওয়া যাবে না। আমরা নিরুপায় হয়েই ধার-দেনা করে এই টাকা দিয়েছি।"
এই অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এলাকার সচেতন মহল দ্রুত তদন্তের দাবি তুলেছেন। তারা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন যাতে করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং অসহায় মানুষের টাকা ফেরত দেওয়া হয়।